প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর আয়োজনে দুই দিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে কবির সরণিতে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের অংশগ্রহণে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি ডেঙ্গু প্রতিরোধ সেল পুনর্গঠনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম আরও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জাকসুর এ উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারসহ অন্যান্য শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
এছাড়া জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম এবং পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীরসহ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ কর্মসূচির আওতায় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
