প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় এর কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। আজ (৫ এপ্রিল ২০২৬) রবিবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উৎসব উপলক্ষে নবীনবরণ, বিদায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।
বিভাগীয় চেয়ারম্যান শারমীন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সহযোগী অধ্যাপক তাওহিদা জাহান স্বাগত বক্তব্য প্রদান করেন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি-এর প্রতিষ্ঠাতা Valerie Ann Taylor। এছাড়া বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম আরিফ বিভাগীয় কার্যক্রম তুলে ধরেন।
নবীনদের পক্ষে ইয়ামিন হালিম ও আফরিন সারোয়া এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে ফাহমিদা মতিন মীম অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাস্টার্সের শিক্ষার্থী লামিয়া নাহার ইতু।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, গত এক দশকে এই বিভাগ অটিজমসহ বিভিন্ন স্নায়বিক ও শারীরিক প্রতিবন্ধকতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ জনবলের চাহিদা পূরণে ভবিষ্যতে এ বিভাগে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষায়িত এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনশক্তি আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
