রবিবার ০৫, এপ্রিল ২০২৬

রবিবার ০৫, এপ্রিল ২০২৬ -- : -- --

পাবিপ্রবির ছাত্রী হলের সিসি ক্যামেরা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গণতন্ত্র হল। ক্যাম্পাস রিপোর্ট

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রীদের আবাসিক হল ‘গণতন্ত্র হলে’ সিসি ক্যামেরা স্থাপন, নিম্নমানের খাবার, অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। তাদের অভিযোগ,হলটিতে ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় তারা ভোগান্তিতে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় এক হাজার শিক্ষার্থীর আবাসস্থল এই হলে চালুর পর থেকেই নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন ছাত্রীদের একটি বড় অংশ। তারা নিয়মিত হল প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেছেন।

শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী,হলের ডাইনিংয়ের খাবারের মান অত্যন্ত নিম্নমানের এবং অনেকেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বিকল্প হিসেবে নিজ উদ্যোগে রান্নার সুযোগ না থাকায় তারা বাধ্য হয়ে বাইরে খেতে যাচ্ছেন। এছাড়া রান্নাঘর, ওয়াশরুম ও ফ্লোর নিয়মিত পরিষ্কার করা হয় না বলেও অভিযোগ রয়েছে। পরিচ্ছন্নতা কর্মীদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

তাদের আরও অভিযোগ,প্রতিটি ফ্লোরে নামাজের কক্ষ থাকলেও সেগুলো তালাবদ্ধ রাখা হয়েছে। একাধিকবার অনুরোধ করা হলেও এখনো তা খুলে দেওয়া হয়নি। 

অন্যদিকে, হলের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, করিডোর ও ওয়াশরুমের সামনে ক্যামেরা বসানোর কারণে ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যা নারী শিক্ষার্থীদের জন্য উদ্বেগজনক। এসব কারণে ক্ষোভ প্রকাশ করে অনেকেই হলটিকে ‘জেলখানার মতো’ বলে অভিহিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন,“হলের ভেতরে হঠাৎ করেই কাজের লোক ঢুকে পড়ে, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি।”

আরেক শিক্ষার্থী জানান, চারটি লিফটের মধ্যে তিনটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় একটি লিফটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, যার ফলে অনেক সময় ক্লাস মিস করতে হচ্ছে।

প্রশাসনের বক্তব্য

গণতন্ত্র হলের প্রভোস্ট লায়লা আরজুমান্দ বানু ক্যাম্পাস রিপোর্ট কে বলেন,সিসি ক্যামেরা মূলত ছাত্রীদের নিরাপত্তার জন্য।“নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া যায়। করিডরে সিসি ক্যামেরা স্থাপিত হলে ছাত্রীরাই উপকৃত হবে ভেবে প্রশাসন স্থাপনের উদ্দ্যোগ নিয়েছে।

গত ৩ মার্চ  রাত ৯টার দিকে হল থেকে ধোয়া উঠতে দেখে ফায়ার সার্ভিস কল করা হয়। সিসি ক্যামেরা না থাকায় আগুনের উৎস সন্ধানে বেগ পেতে হয় । আগুনের উৎস খুজতে গিয়ে দেখা যায়,করিডরে রাইস কুকার পুড়ে গিয়ে সেখান থেকে ধোয়া ছড়িয়ে পড়ে। মুলত এ ঘটনার পরই সিসি ক্যামেরা স্থাপনে গুরুত্ব দেয়া হয় যেটি এখোনো চালুই হয়নি।

নামাজ ঘরের ব্যাপারে  প্রভোস্ট জানান,হলের প্রতিটি ফ্লোরে একটি করে মোট ৯ টি ছোট নামাজ ঘর ও একটি সেন্ট্রাল নামাজ ঘরের মধ্যে সেন্ট্রাল নামাজ ঘরটি চালু আছে। স্থান সংকুলান না হলে চাহিদার প্রেক্ষিতে তা খুলে দেয়া হবে।

পরিচ্ছন্নতার বিয়য়ে,ক্লিনার অসুস্থ থাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতায় সাময়িক সমস্যা হয়েছে, তবে তা দ্রুত সমাধান করা হয়েছে।

ডাইনিং এর ব্যাপারে প্রভোস্ট বলেন, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ডাইনিংয়ের খাবারের মান উন্নয়নের চেষ্টা চলছে। ১ হাজার ছাত্রীর এ হলে অর্ডিন্যান্স অনুযায়ী ছাত্রীদের মধ্য থেকে ডাইনিং পরিচালনার উদ্দ্যোগ সফল না হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। পানির ফিল্টার ও অন্যান্য সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

খাবারের মান তত্বাবধানের সুবিধার্থে আমি ও আমার কলিগরা প্রাই ই ডাইনিং এ খেয়ে থাকি।
 

Link copied!