প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একের পর এক পরিচালকের পদত্যাগে প্রশাসনিক অস্থিরতা তৈরি হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই ২৫ জন পরিচালকের মধ্যে সাতজন দায়িত্ব ছেড়ে দিয়েছেন, যা বোর্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সর্বশেষ বোর্ড সভার পর একদিনেই চার পরিচালক পদত্যাগ করেন। তাঁদের আগে আরও তিনজন পদত্যাগপত্র জমা দেন। ফলে বিসিবির বর্তমান কাঠামো নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।
এই পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রয়োজনে সবাই চলে গেলেও তিনি দায়িত্বে থেকে যাবেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বোর্ডকে শুরু থেকেই স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হয়নি এবং একটি ‘বাইরের শক্তি’ তাদের কাজে ধারাবাহিকভাবে বাধা সৃষ্টি করছে।
বোর্ড সভা শেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটা চেয়ার নিয়ে বসে থাকব। কী করব?’
তিনি আরও যোগ করেন, ‘আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো (যাওয়ার জন্য আমিই থাকব শেষ ব্যক্তি)।’
তবে পরিচালকদের পদত্যাগের নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি অবগত নন বলেও দাবি করেছেন।
সভাপতির ভাষ্য অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর থেকেই বোর্ড বিভিন্ন চাপের মধ্যে রয়েছে। তিনি বলেন, ‘আমরা ছয় মাসের মতো বোর্ড চালাচ্ছি। একটা দিনের জন্যও কিন্তু আমরা শান্তিতে কাজ করতে পারিনি। আমাদেরকে একটা এক্সটার্নাল ফোর্স সব সময় ডিস্টার্ব করছে এবং করে চলেছে।’
এদিকে গত মার্চে বিসিবি নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ ওঠায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাঁচ সদস্যের ওই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এলে সে বিষয়ে করণীয় কী—এ প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘আমি সবকিছু ছেড়ে দিয়ে এখানে এসেছি আমার দেশকে সাহায্য করতে। এখন যদি কোনো কারণে (দায়িত্ব) না থাকে, নো প্রবলেম। আমার আরেকটা পথ দেখে নিতে হবে। তবে আমি দেশের জন্য কাজ করতে চাই।’
বর্তমান পরিস্থিতিতে বিসিবির প্রশাসনিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ক্রীড়াঙ্গনে নানা আলোচনা চলছে।
