প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
ঢাকা: শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং ব্র্যাকনেট লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে আইইউবিএটির পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান এবং ব্র্যাকনেটের পক্ষে হেড অব অপারেশনস আরিফ হোসেন।
স্বাক্ষর অনুষ্ঠানে আইইউবিএটির ট্রেজারার ও ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) অধ্যাপক সেলিনা নার্গিস, অধ্যাপক ড. আবদুর রব, সিইএটি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. উৎপল কান্তি দাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা এবং প্লেসমেন্ট ও অ্যালামনাই অফিসের পরিচালক এ কে এম শরফুদ্দিনসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাকনেটের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (আইসিটি সেলস) মো. ইউসুফ আলী ইমন, লিড এইচআর আফরিন কাওসার, হেড অব ট্রান্সমিশন সাইফুল আরেফিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং একাডেমিক ও প্রযুক্তিগত দক্ষতার বাস্তব প্রয়োগকে কেন্দ্র করে একটি অংশীদারিত্ব গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তরে অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তি অনুযায়ী শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, কর্মশালা ও সেমিনার আয়োজন এবং স্মার্ট ক্যাম্পাস ও ডাটা-ভিত্তিক প্রযুক্তিসহ আইসিটি অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া ব্র্যাকনেট প্রযুক্তিগত সহায়তা, শিল্পখাতের অভিজ্ঞতা এবং মেন্টরশিপ প্রদান করবে। অপরদিকে আইইউবিএটি একাডেমিক সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং যৌথ গবেষণা ও উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্র নির্ধারণে কাজ করবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই অংশীদারিত্ব শিল্প ও শিক্ষার মধ্যে সংযোগ জোরদার করবে এবং পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৯৯১ সালে অধ্যাপক ড. আলিমুল্লাহ মিয়ানের প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা, গবেষণা ও শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
