বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে সিকৃবিতে ব্যতিক্রমী উদ্যোগ

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম

ফাইল ফটো

নিজ ক্যাম্পাস পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম ২০২৬’।

বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন আহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন,“পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার প্রতিফলন। ক্যাম্পাস থেকে শুরু হোক পরিচ্ছন্নতার আন্দোলন। একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ক্যাম্পাস শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করে, শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার চর্চা গড়ে তুলতে পারলে তা ধীরে ধীরে সমাজব্যাপী বিস্তৃত হবে, যা একটি সুন্দর ও টেকসই বাংলাদেশের ভিত্তি করবে।”

তিনি আরও বলেন,“শুধু নির্দিষ্ট দিনে নয়, প্রতিদিনের অভ্যাস হিসেবে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। প্লাস্টিক বর্জ্য কমানো, নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসকে দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে পারি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উপাচার্যের নেতৃত্বে টিএসসি ভবনের সামনে থেকে শুরু হওয়া এ কার্যক্রমে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের প্রধান সড়ক ও বিভিন্ন স্থাপনায় পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য, শুকনো পাতা ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করেন। প্রশাসন ভবন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, টিএসসি, লেকসাইড চত্বর ও শহীদ মিনার এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিষ্কার করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। এতে ১০টি পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

Link copied!