রবিবার ০৫, এপ্রিল ২০২৬

রবিবার ০৫, এপ্রিল ২০২৬ -- : -- --

এপ্রিলের আকাশে গ্রহের মেলা, চাঁদ-মঙ্গলের যুগলবন্দী দেখার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পিএম

ফাইল ছবি

এপ্রিলের প্রথমার্ধে বাংলাদেশের আকাশ জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ১৫ এপ্রিল পর্যন্ত আকাশে একাধিক গ্রহ, চাঁদের বিশেষ অবস্থান এবং উল্কাপাতের সম্ভাবনা দেখা যাবে।

বসন্তের শেষ সময় এবং কালবৈশাখীর আগমনী এই সময়ে আকাশ প্রায়ই মেঘাচ্ছন্ন থাকে। তবে পরিষ্কার আকাশ মিললে সন্ধ্যা ও ভোরের বিভিন্ন সময়ে আকাশে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য উপভোগ করা সম্ভব হবে।

 গ্রহদের বিশেষ অবস্থান

এপ্রিলের শুরুতে গ্রহগুলোর অবস্থানে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেলেও সন্ধ্যার আকাশে শুক্র গ্রহ সবচেয়ে উজ্জ্বলভাবে দৃশ্যমান থাকবে। এটি ধীরে ধীরে তার সর্বোচ্চ উজ্জ্বলতার দিকে অগ্রসর হচ্ছে।

অন্যদিকে, মাসের প্রথম সপ্তাহে মঙ্গল গ্রহকে বৃষ রাশি নক্ষত্রপুঞ্জের কাছে দেখা যাবে। এর লালচে আভা খালি চোখেই স্পষ্টভাবে নজরে পড়বে।

ভোরের আকাশে শনি ও বৃহস্পতি গ্রহ পাশাপাশি উদিত হতে দেখা যাবে। বিশেষ করে ১০ এপ্রিলের পর শনি গ্রহ দিগন্তের ওপর আরও উঁচুতে অবস্থান করবে, যা টেলিস্কোপে পর্যবেক্ষণের জন্য অনুকূল সময়।

 চাঁদ ও মঙ্গলের যুগলবন্দী

১২ ও ১৩ এপ্রিল রাতে চাঁদ ও মঙ্গল গ্রহকে খুব কাছাকাছি অবস্থানে দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে ‘কনজাংশন’ বলা হয়। বাইনোকুলারের মাধ্যমে একই ফ্রেমে এই দুটি খগোলীয় বস্তুকে একসঙ্গে দেখা সম্ভব হবে।

 নক্ষত্রপুঞ্জের পরিবর্তন

এ সময় আকাশে নক্ষত্রপুঞ্জের অবস্থানেও পরিবর্তন লক্ষ্য করা যাবে। মার্চে দেখা যাওয়া নক্ষত্রপুঞ্জগুলো পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং নতুন নক্ষত্রপুঞ্জ দৃশ্যমান হচ্ছে।

পূর্ব-দক্ষিণ আকাশে সিংহ রাশি নক্ষত্রপুঞ্জটি মাথার ওপরের দিকে দেখা যাবে। এর উজ্জ্বলতম নক্ষত্র রেগুলাস নীলাভ-সাদা আলো ছড়িয়ে জ্বলজ্বল করবে।

এছাড়া উত্তর আকাশে সপ্তর্ষিমণ্ডল অনেক উঁচুতে অবস্থান করবে, যার সহায়তায় সহজেই ধ্রুবতারা চিহ্নিত করা যাবে।

Link copied!