বুধবার ২৫, মার্চ ২০২৬

বুধবার ২৫, মার্চ ২০২৬ -- : -- --

মানুষকে ছাড়াবে এআই বট ঝড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম

ফাইল ফটো

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের ফলে ইন্টারনেটে মানুষের তুলনায় বটের কার্যক্রম অদূর ভবিষ্যতে বেশি হয়ে যেতে পারে—এমনই এক গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছেন ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স। তাঁর মতে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যেই অনলাইন জগতে মানুষের উপস্থিতিকে ছাড়িয়ে যাবে এআইচালিত বট।

যুক্তরাষ্ট্রের অস্টিনে অনুষ্ঠিত প্রযুক্তি সম্মেলন এসএক্সএসডব্লিউ-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জেনারেটিভ এআইয়ের কারণে ইন্টারনেট ব্যবহারের ধরন দ্রুত বদলে যাচ্ছে। সাধারণ একজন ব্যবহারকারী যেখানে একটি পণ্য কেনার আগে হাতে গোনা কয়েকটি ওয়েবসাইটে ঘোরেন, সেখানে একটি এআই বট একই তথ্যের জন্য হাজার হাজার ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। ফলে ইন্টারনেট অবকাঠামোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে।

প্রিন্স জানান, আগে মোট ইন্টারনেট ট্রাফিকের প্রায় ২০ শতাংশ ছিল বটনির্ভর, যার বড় অংশই ছিল সার্চ ইঞ্জিনের ওয়েব ক্রলার। তবে এখন জেনারেটিভ এআইয়ের তথ্য চাহিদা এতটাই বেড়েছে যে বটের সংখ্যা ও কার্যক্রম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তন ভবিষ্যতে প্রযুক্তির কাঠামোই বদলে দিতে পারে।

এই পরিস্থিতি সামাল দিতে ‘স্যান্ডবক্স’ নামের একটি নতুন প্রযুক্তির কথাও উল্লেখ করেন তিনি। এটি একটি আলাদা ভার্চ্যুয়াল পরিবেশ, যেখানে এআই এজেন্টগুলো নির্দিষ্ট কাজ সম্পন্ন করে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো ব্যবহারকারী যদি ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে এআই ব্যবহার করেন, তাহলে পুরো প্রক্রিয়াটি এই স্যান্ডবক্সেই সম্পন্ন হতে পারে।

তবে এ ধরনের প্রযুক্তির জন্য শক্তিশালী ডেটা সেন্টার ও সার্ভারের প্রয়োজন হবে। প্রিন্স স্মরণ করিয়ে দেন, করোনাকালে ভিডিও স্ট্রিমিং সেবার কারণে যেমন হঠাৎ ইন্টারনেট ট্রাফিক বেড়ে গিয়েছিল, তেমনি ভবিষ্যতেও বটনির্ভর ট্রাফিক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

Link copied!