বুধবার ২৫, মার্চ ২০২৬

বুধবার ২৫, মার্চ ২০২৬ -- : -- --

ফেসবুকে পোস্টেই মাসে ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১১:৩১ পিএম

ফাইল ফটো

বিশ্বব্যাপী স্বল্পদৈর্ঘ্য ভিডিও কনটেন্টের প্রতিযোগিতা তুঙ্গে। YouTube Shorts, Instagram Reels এবং TikTok–এর দাপটে কিছুটা পিছিয়ে পড়া Facebook আবারও কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে বড় উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যেই মূল প্রতিষ্ঠান Meta চালু করেছে ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামে নতুন একটি কর্মসূচি।

এই প্রকল্পের আওতায় যোগ্য কনটেন্ট নির্মাতারা প্রতি মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত আয় করার সুযোগ পাবেন। তবে এই আয় নির্ভর করবে মূলত তাদের ফলোয়ার বা অনুসারীর সংখ্যার ওপর। যেসব নির্মাতার ফলোয়ার সংখ্যা ১ লাখের বেশি, তারা মাসে প্রায় ১ হাজার ডলার আয় করতে পারবেন। অন্যদিকে, যাদের ফলোয়ার সংখ্যা ১০ লাখ বা তার বেশি, তারা সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন।

তবে এই সুবিধা স্থায়ী নয়। শুরুতে মাত্র তিন মাসের জন্য এই নির্দিষ্ট আয় নিশ্চিত করা হবে। এই সময়ের মধ্যে নির্মাতাদের ফেসবুকে নিজেদের অবস্থান শক্ত করতে হবে। এরপর নির্দিষ্ট অর্থপ্রদান বন্ধ হয়ে গেলেও, ফেসবুকের অন্যান্য মনিটাইজেশন পদ্ধতির মাধ্যমে আয় চালিয়ে যাওয়া সম্ভব হবে।

এই প্রকল্পে অংশ নিতে হলে নির্মাতাদের কিছু শর্ত মানতে হবে। নিয়ম অনুযায়ী, প্রতি ৩০ দিনের মধ্যে অন্তত ১৫টি রিলস বা ভিডিও আপলোড করতে হবে। পাশাপাশি মাসে কমপক্ষে ১০টি আলাদা দিনে কনটেন্ট প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সব ভিডিওই হতে হবে মৌলিক বা নিজস্ব তৈরি।

তবে অন্য প্ল্যাটফর্মে আগে প্রকাশিত ভিডিও ফেসবুকে শেয়ার করা যাবে, যা নির্মাতাদের জন্য বাড়তি সুবিধা তৈরি করেছে। এর ফলে একই কনটেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করে আয় বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

মেটা জানিয়েছে, বর্তমানে ভিডিও কনটেন্টই অনলাইন আয়ের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। তাই রিলস নির্মাতাদের জন্য বিজ্ঞাপন, ব্র্যান্ড সহযোগিতা, সাবস্ক্রিপশন এবং স্টারসের মতো একাধিক আয়ের পথও খোলা রাখা হয়েছে। পাশাপাশি নতুন অ্যানালিটিক্স টুল চালু করা হয়েছে, যাতে নির্মাতারা সহজেই তাদের আয়ের হিসাব ও উৎস বুঝতে পারেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে অনেক জনপ্রিয় নির্মাতা ফেসবুক ছেড়ে অন্য প্ল্যাটফর্মে চলে যাওয়ায় এই উদ্যোগ নিয়েছে মেটা। নতুন এই কৌশল সফল হলে আবারও ফেসবুক কনটেন্ট জগতে শক্ত অবস্থান ফিরে পেতে পারে।

Link copied!