প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ এএম
চলতি বছর থেকে দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১১টি বোর্ডেই একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আগে থেকেই মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রচলন ছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে পুরো দেশের পরীক্ষাব্যবস্থাকে একটি একক কাঠামোর আওতায় আনা হচ্ছে।
এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক সংস্থা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে এ তারিখ নির্ধারণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ তারিখ ধরে চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া এসএম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে দেওয়া দিকনির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। অনুমোদন মিললে দ্রুত চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।”
সংশ্লিষ্টরা বলছেন, অভিন্ন প্রশ্নপত্র চালুর ফলে মূল্যায়নে স্বচ্ছতা বাড়বে এবং বোর্ডভেদে ফলাফলের বৈষম্য কমে আসবে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রস্তুতিতেও একটি অভিন্ন মানদণ্ড তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই এ সংক্রান্ত চূড়ান্ত রুটিন প্রকাশ করবে বলে জানা গেছে।
