প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আবারও সুখবর এসেছে। মার্চ মাসের বেতন প্রদানের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সংশ্লিষ্ট বিল মন্ত্রণালয়ে পাঠানো হয়। বুধবার (১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বর্তমানে বৈশাখী ভাতার সারসংক্ষেপ প্রস্তুতের কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার এ প্রস্তাবও মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। তবে কোনো কারণে তা সম্ভব না হলে আগামী সপ্তাহে বৈশাখী ভাতার প্রস্তাব পাঠানো হবে।
এদিকে, এ সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, এমপিওর অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল দাখিল না করলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা এমপিও সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দাখিল করা বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে প্রেরণ করা হচ্ছে। জুলাই মাস পর্যন্ত এ প্রক্রিয়ায় নিয়মিত অর্থ প্রেরণ অব্যাহত রয়েছে।
