বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

বেরোবিতে জনসংযোগ পরিচালকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম

ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নবনিযুক্ত জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মাসুদ রানার সঙ্গে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ এপ্রিল ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এছাড়া আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং তথ্যপ্রবাহের বিভিন্ন দিক নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানচর্চার কেন্দ্র, যেখানে শিক্ষা, গবেষণা ও সুশাসন সমন্বিতভাবে এগিয়ে নিতে হয়। এই অগ্রযাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, একাডেমিক সাফল্য এবং চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”

জনসংযোগ বিভাগের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মাসুদ রানা তাঁর বক্তব্যে বলেন, “জনসংযোগ বিভাগকে আরও গতিশীল ও তথ্যসমৃদ্ধ করতে আমরা কাজ করছি।” তিনি আরও আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে তথ্যপ্রবাহ আরও গতিশীল হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Link copied!