প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১২:১০ পিএম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিদাওয়া পূরণের লক্ষ্যে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।
রবিবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে এ আবেদন জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনা, জনসেবা প্রদান এবং নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি পূরণ হয়নি। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পদোন্নতি বঞ্চনা এবং ব্লক পোস্ট সমস্যার কারণে কর্মচারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে।
সংগঠনটি উল্লেখ করেছে, গত ১১ বছরে সরকারি কর্মচারীদের দুইটি পে-স্কেল পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একটি পে-স্কেলও বাস্তবায়ন হয়নি। এতে বিশেষ করে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করা হয়েছে।
এ প্রেক্ষাপটে সংগঠনটি ১০ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো-
১. অবিলম্বে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা।
২. সার্ভিস বেনিফিটসহ টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল।
৩. ব্লক পোস্ট সমস্যা সমাধান করে পদোন্নতির পথ সুগম করা।
৪. কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধি।
৫. কর্মকর্তা-কর্মচারীর দক্ষতা ও মানসিক কল্যাণ বৃদ্ধি।
৬. স্বচ্ছতা নিশ্চিত করে অযাচিত পোস্টিং ও পদোন্নতি বাধা দূর করা।
৭. সমন্বিত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা: সমস্যা সমাধানের জন্য দ্রুত ও কার্যকর ব্যবস্থা।
৮. নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন জীবন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
৯. প্রশিক্ষণ ও উন্নয়ন প্রোগ্রাম: কর্মকর্তা-কর্মচারীর দক্ষতা ও মানসিক কল্যাণ বৃদ্ধি করা।
১০. স্থানান্তর ও পোস্টিং নীতি: স্বচ্ছতা নিশ্চিত করে অযাচিত পোস্টিং ও পদোন্নতি বাধা দূর করা।
চিঠিতে আরও বলা হয়, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করা হলে প্রশাসনের দক্ষতা ও মনোবল আরও বৃদ্ধি পাবে।
এ পরিস্থিতিতে সংগঠনটি ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ চেয়েছে, যাতে তারা বাস্তব পরিস্থিতি ও দাবিগুলো তুলে ধরতে পারেন।
