প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে একাডেমিক ভবন-৩ এর পাশের একটি ম্যানহোল থেকে দীর্ঘদিন ধরে ময়লা পানি উপচে পড়ছে। এতে করে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে এবং সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ম্যানহোল থেকে নির্গত নোংরা পানি জমে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে ওই এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়ে গেছে, যা ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
শিক্ষার্থীরা জানান, প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে তারা চরম অস্বস্তির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বেড়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা।
দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত এ সমস্যার সমাধান করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
