মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

মুসলিম শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে তুরস্ক

স্বর্ণক শাহী

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

ফাইল ফটো

মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার এক শক্তিশালী বিকল্প হিসেবে দ্রুত উঠে আসছে তুরস্ক। পরিকল্পিত নীতিমালা, তুলনামূলক কম খরচ এবং সাংস্কৃতিক ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে দেশটি আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে নিজের অবস্থান দৃঢ় করছে। বিশেষ করে এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো থেকে শিক্ষার্থীদের আগমন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

ইন্দোনেশিয়ার আজকা মৌওলা ইসকান্দার মুদা বর্তমানে ইস্তাম্বুলের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান Koç University-এ মাস্টার্স করছেন। এর আগে তিনি স্নাতক সম্পন্ন করেন আংকারার শীর্ষ সরকারি বিদ্যাপীঠ Middle East Technical University-এ। গবেষণায় উন্নত সুযোগ-সুবিধা ও ব্যয়সাশ্রয়ী অবকাঠামো তাঁকে তুরস্কে পড়াশোনায় আগ্রহী করে তোলে। বর্তমানে তিনি পূর্ণ বৃত্তি নিয়ে ফোটনিক নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করছেন এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন দেখছেন।

তুরস্কের উচ্চশিক্ষা তদারকি সংস্থা Council of Higher Education Turkey জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড ৩ লাখ ৭৯ হাজারে পৌঁছেছে। এক দশকে এই সংখ্যা বেড়েছে ২৫১ শতাংশ। ২০১৩ সালে বিদেশি শিক্ষার্থীর হার ছিল মাত্র শূন্য দশমিক ৯ শতাংশ, যা ২০২৬ সালে বেড়ে হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। সরকারের লক্ষ্য ২০২৮ সালের মধ্যে তা ৫ লাখে উন্নীত করা।

বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের প্রায় ৮০ শতাংশই মুসলিমপ্রধান দেশ থেকে আসে। ইন্দোনেশিয়া ও পাকিস্তান থেকে শিক্ষার্থীর সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তুর্কমেনিস্তান, সিরিয়া, আজারবাইজান, ইরান ও উজবেকিস্তানও শীর্ষ প্রেরণকারী দেশের তালিকায় রয়েছে।

২০২৬ সালের Times Higher Education বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে তুরস্কের চারটি বিশ্ববিদ্যালয় শীর্ষ ৫০০–এর তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে কোচ ইউনিভার্সিটি, মেটু এবং Sabancı University উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপে ভিসা জটিলতা ও উচ্চ ব্যয়ের কারণে অনেক শিক্ষার্থী বিকল্প খুঁজছেন। সেই সুযোগে তুরস্ক নিজেকে ‘নিরাপদ ও মানসম্মত’ গন্তব্য হিসেবে তুলে ধরছে। তবে ভর্তি মান বজায় রাখা ও মুদ্রাস্ফীতির চ্যালেঞ্জ মোকাবিলা ভবিষ্যতে বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। তবু সব মিলিয়ে মুসলিম বিশ্বের উচ্চশিক্ষায় তুরস্ক এখন এক নতুন সম্ভাবনার নাম।

Link copied!