ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম
সোমবার ১৬, নভেম্বর ২০২৬ -- : -- --
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ
বিএনপির নির্বাচনী ইশতেহার-২০২৬ ‘প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মহানগর থেকে অংশ নেওয়া ১১০ জন নেতার মধ্যে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জানা যায়, দেশের ১০টি মহানগর ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষর প্রদানের ক্ষমতাসম্পন্ন ১১০ জন নেতা কর্মশালায় অংশ নেন। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে আলোচিত বিষয়গুলোর ওপর ২০টি প্রশ্নের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। এতে ইবি ছাত্রদলের আনোয়ার পারভেজ যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেন।
পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জাহিদ, বিশেষ সহকারী উপদেষ্টা গিয়াস উদ্দিন, জিয়াউদ্দিন হায়দার ও রাশেদ আল মাহমুদ তিতুমীর, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির, রফিকুল ইসলাম বকুলসহ দলের অন্যান্য নেতারা।
কর্মশালায় কৃষি, জনপ্রশাসন, শিক্ষা, কর্মসংস্থান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিদ্যুৎ ও জ্বালানি, সমাজকল্যাণ, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য, পরিবেশ, নারী ও যুব উন্নয়ন, তথ্য ও সংস্কৃতি, অর্থনীতি এবং বিনিয়োগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাত নিয়ে আলোচনা করা হয়।
এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে আনোয়ার পারভেজ বলেন, ‘রাজনীতিতে পাওয়ার-না পাওয়ার দুঃখ ছিল, আছে, হয়তো থাকবে। কিন্তু এই অর্জন আমার জন্য বড় পাওয়া। আমার আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সরাসরি দেড় মিনিট একা কথা বলার সৌভাগ্য আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় আমি, আমার ছোট ভাই ও বোন পুরস্কার পেয়েছিলাম। আজ আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমার মনে হয়, রাজনৈতিক জীবনে এর চেয়ে বড় পাওয়া বা চাওয়ার কিছু নেই। সবার কাছে দোয়া চাই, যেন আদর্শিক শক্তি ধরে রেখে শিক্ষার্থী ও মানুষের জন্য কাজ করতে পারি।’