প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন চাহিদা পূরণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সফরে এসে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম ও দুই উপ-উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বুধবার (১৮ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য ভবনের লাউঞ্জে অনুষ্ঠিত মতবিনিময়ে রুহুল কবির রিজভী রাবিতে মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণা নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং পঠন-পাঠন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে সরকারের প্রত্যাশার কথা জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং উন্নয়ন চাহিদার বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার্থীদের কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে কয়েকটি চাহিদা পূরণে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। জবাবে রুহুল কবির রিজভী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি)।
