বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ -- : -- --

বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ডিসেম্বরে

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার বা সেকেন্ড টাইম অংশগ্রহণের সুযোগ থাকছে। ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘অ্যাডমিশন’ লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া শেষে ১০ জানুয়ারি ২০২৭ তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরদিন ১১ জানুয়ারি থেকে প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। কারিগরি জটিলতা এড়াতে যত দ্রুত সম্ভব প্রবেশপত্র সংগ্রহের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত মেধাতালিকাও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কবে কোন অনুষদের ভর্তি পরীক্ষা

বিইউপির বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষদভিত্তিক লিখিত ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

১৬ জানুয়ারি ২০২৭ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত হবে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ভর্তি পরীক্ষা।

২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এর আওতায় রয়েছে এফঅ্যান্ডবি, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস), ম্যানেজমেন্ট, বিবিএ-জেনারেল ও এমবিএ।

এ ছাড়া একই দিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজের (এফএমএস) অধীন ব্যাচেলর অব ফার্মেসি (বি. ফার্ম) কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি দেখতে হবে।

Link copied!