বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ -- : -- --

বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল, নতুন তারিখ ১ ফেব্রুয়ারি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

প্রতীকী ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল এবং সম্পূরক পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের ফল প্রকাশের জন্য পর্যাপ্ত সময় রেখে ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার্থীদের সঙ্গে বুয়েটের ভর্তি কার্যক্রমের কোনো সময়গত সংঘাত হবে না। কারণ, তাদের ফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। বুয়েটের ভর্তি কার্যক্রম চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ফলে শিক্ষার্থীরা আবেদনের জন্য পর্যাপ্ত সময় পাবেন।

তিনি আরও বলেন, ‘আমরা এই রিটে যাব না। কারণ, আমরা তো শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছি।’

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে উপাচার্য বলেন, ‘আমরা যখন মিটিংয়ে ছিলাম, তখন আদালতের রায়টি সামনে আসে। খবরটি দেখার পরই তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করি। আমাদের তারিখ আগে ১৬ জানুয়ারি নির্ধারণের বিষয়ে আলোচনা ছিল। রিটের বিষয়টি জানার পর আমরা ১ ফেব্রুয়ারি চূড়ান্ত করি।’

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দেন আদালত।

বুধবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করেন আদালত।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার ছিল।

Link copied!