হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম
বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ -- : -- --
হাবিপ্রবিতে র্যালি-সমাবেশ, ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রতিবাদ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চত্বর থেকে র্যালিটি শুরু হয়। ‘দেশের সার্বভৌমত্ব, আইন-শৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হই’-এ স্লোগানকে সামনে রেখে ‘হাবিপ্রবি পরিবার’-এর ব্যানারে আয়োজিত র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান।
এ ছাড়া জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক, জিয়া পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, হাবিপ্রবি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি ও ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিয়ে বক্তব্য দেন। শিক্ষক নেতারা বলেন, ‘ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। শিক্ষাঙ্গনে কোনো ধরনের নৈরাজ্য বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ক্যাম্পাসের সুষ্ঠু শিক্ষার পরিবেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।’
শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে কোনো নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী তৎপরতা আমরা মেনে নেব না। ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীরা সবসময় সজাগ রয়েছে এবং যেকোনো অপশক্তিকে রুখে দিতে প্রস্তুত।’
র্যালি ও সমাবেশ শেষে দেশের শান্তি-শৃঙ্খলা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।