প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ এএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মা ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর নারায়ণপুর শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: রাহিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এম এ এস রবিউল ইসলাম সবুজ।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণপুর শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোছা: শিরীন বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাম, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য ফয়জুল ইসলাম এবং সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হামিদ সহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রাহিম উদ্দীন শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের, বিশেষ করে মায়েদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "শুধু বিদ্যালয়ে পাঠদানই যথেষ্ট নয়, বাড়িতেও শিশুদের পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। মায়েদের সচেতনতা ও সম্পৃক্ততা শিশুদের শিক্ষার ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উচ্চ যোগ্যতার কথা উল্লেখ করে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, "প্রাথমিকে যারা সরকারি চাকরিতে যোগ দেন, তারা হাজার হাজার প্রতিযোগীর সাথে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে শিক্ষক হন। অন্যদিকে যারা প্রতিযোগিতায় পারেন না, তারা কেজি বা প্রাইভেট স্কুলগুলোতে শিক্ষকতা করেন। অথচ আপনারা টাকা খরচ করে সন্তানদের তাদের কাছেই পড়াচ্ছেন; অন্যদিকে বাংলাদেশ সরকার সরকারি প্রাথমিকে বিনামূল্যে সব সুবিধা ও উপবৃত্তি দেওয়া সত্ত্বেও আপনারা এখানে সন্তানদের নিয়মিত পাঠাতে চান না।" তিনি অভিভাবকদের সচেতন হয়ে সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠানোর আহ্বান জানান।
বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলার বিষয়ে নানা দিকনির্দেশনা দেন। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা: শিরীন বেগম সভায় উপস্থিত হওয়ার জন্য মা ও অভিভাবকদের ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। সভা শেষে 'মিড ডে মিল' কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য ফয়জুল ইসলামের নিজস্ব তত্ত্বাবধান ও অর্থায়নে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের জন্য বিশেষ মিড ডে মিলের আয়োজন করা হয়।
মিড ডে মিল চালু প্রসঙ্গে প্রধান অতিথি জনাব মো: রাহিম উদ্দীন জানান, বর্তমানে ঠাকুরগাঁও জেলার মধ্যে কেবল বালিয়াডাঙ্গী উপজেলায় 'মিড ডে মিল' চালু রয়েছে। তবে আগামী জানুয়ারি মাসের পর থেকে পীরগঞ্জসহ জেলার সকল উপজেলায় এবং এই স্কুলেও নিয়মিতভাবে সরকারি মিড ডে মিল চালু করা সম্ভব হবে বলে তিনি আশ্বস্ত ও দৃঢ় আশা প্রকাশ করেন।
