প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ এএম
শহীদ আবরার ফাহাদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিব মুরাদ, সাবেক সভাপতি গোলাম জাকারিয়া এবং শাখার অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভায় বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদ বলেন, “ভয় দেখিয়ে, নির্যাতন করে, এমনকি শহীদ করেও মেধাবীদের মুখ বন্ধ করে রাখা যায় না। সময়ের প্রয়োজনে ছাত্রসমাজ দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ ও কুরবানি করতেও দ্বিধা করে না।”
তিনি বলেন, “আবরার ফাহাদ ভাই যে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যে কণ্ঠস্বর উঁচু রেখেছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সদা-সর্বদা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”
রাকিব মুরাদ আরও বলেন, “শহীদ আবরার ফাহাদ ভাই থেকে শুরু করে আবু সাঈদ ভাই এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন—এই দোয়া করি।”
পরে শহীদ আবরার ফাহাদসহ জুলাই আন্দোলনে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
