শুক্রবার ০২, অক্টোবর ২০২৬

শুক্রবার ০২, অক্টোবর ২০২৬ -- : -- --

ডেঙ্গুতে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

পবিপ্রবি থেকে মোঃ ছফিউল্লাহ্

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি। আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফজলে রাব্বি ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বন্ধু ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফজলে রাব্বির বন্ধু তামিম জানান, “গতকালও রাব্বি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এভাবে হঠাৎ করে আজ তাকে হারাতে হবে, আমরা কেউই ভাবতে পারিনি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন প্রাণবন্ত সহপাঠীকে এভাবে হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের।”

ফজলে রাব্বির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, “ফজলে রাব্বির অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন তরুণ শিক্ষার্থীর এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।”

ফজলে রাব্বির মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদসহ পুরো ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করছে। সহপাঠী ও বন্ধুরা তাঁর স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

Link copied!