শুক্রবার ০২, অক্টোবর ২০২৬

শুক্রবার ০২, অক্টোবর ২০২৬ -- : -- --

চীনের আন্তর্জাতিক প্রশিক্ষণে আধুনিক টেক্সটাইল প্রযুক্তি শিখলেন নিটারের ৮ শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

ছবি| ক্যাম্পাস রিপোর্ট

চীনের আধুনিক টেক্সটাইল প্রযুক্তি, শিল্প ব্যবস্থাপনা ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি পরিচিত হয়েছেন জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) ৮ শিক্ষার্থী। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সার্বিক উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে তাঁরা টেক্সটাইল শিল্পের বিভিন্ন ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীরা চীনের আধুনিক টেক্সটাইল উৎপাদন ব্যবস্থা, অটোমেশন, মান নিয়ন্ত্রণ ও শিল্প ব্যবস্থাপনার বিভিন্ন দিক সরাসরি পর্যবেক্ষণ করেন। স্পিনিং প্রযুক্তি, উভেন ও ম্যান-মেড ফাইবার ডাইং, ফেব্রিক স্ট্রাকচার এবং টেক্সটাইল ডিজাইনিংসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পান তাঁরা।
শিল্প পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্বখ্যাত ‘Shengshan Group (至山集团)’ ঘুরে দেখেন। সেখানে উভেন ফেব্রিক ডাইংয়ের আধুনিক উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা নেন তাঁরা। পাশাপাশি চীনের স্পিনিং শিল্পের সমন্বিত প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাও পর্যবেক্ষণ করেন।
শুধু শিল্পকারখানা পরিদর্শনেই সীমাবদ্ধ ছিল না প্রশিক্ষণটি। ‘Zhejiang Agriculture and Business College’-এ আয়োজিত বিভিন্ন সেশনে শিক্ষার্থীরা চাইনিজ থ্রিডি মিডিয়া, চা সংস্কৃতি ও চা প্রস্তুত শিল্প, চীনা ভাষা, প্রথাগত বর্ম সংস্কৃতি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত যানবাহনের প্রযুক্তি নিয়ে আয়োজিত সেশনগুলোতে অংশ নেন।
হাতে-কলমে শিক্ষার অংশ হিসেবে ‘Shaoxing Secondary Technical School’-এ ন্যাচারাল ইন্ডিগো ডাইং ও প্রিন্টিংয়ের প্রথাগত কৌশল শেখেন শিক্ষার্থীরা। পরে নিজেরাই এর নমুনা প্রস্তুত করেন। এর মাধ্যমে আধুনিক প্রযুক্তির পাশাপাশি ঐতিহ্যবাহী টেক্সটাইল প্রক্রিয়ার সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পান তাঁরা।
ডিজিটাল বাণিজ্যের বাস্তব চিত্র জানতে শিক্ষার্থীরা পরিদর্শন করেন ‘Hangzhou Digital Trade Point’। সেখানে আধুনিক ই-কমার্স, প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসায়িক মডেল সম্পর্কে ধারণা নেন তাঁরা।
এ ছাড়া ‘Zhejiang Agriculture and Business College’-এ অনুষ্ঠিত বহুজাতিক গ্রুপ প্রেজেন্টেশনে অংশ নেন নিটারের শিক্ষার্থীরা। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা উপস্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা প্রদর্শনের সুযোগ পান তাঁরা।
প্রশিক্ষণের অভিজ্ঞতা সম্পর্কে সিফার হায়দার শিবিব বলেন, “চীনের আধুনিক টেক্সটাইল প্রযুক্তি ও উৎপাদনব্যবস্থা কাছ থেকে দেখার অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ ভবিষ্যৎ পেশাজীবনে বাস্তব জ্ঞান কাজে লাগাতে সহায়তা করবে।”
আব্দুল কায়ুম খন্দকার বলেন, “আধুনিক প্রযুক্তির পাশাপাশি চীনের ঐতিহ্যবাহী টেক্সটাইল প্রক্রিয়া ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পেরে আমরা আনন্দিত। এ অভিজ্ঞতা বাংলাদেশের টেক্সটাইল শিল্পে কাজে লাগাতে চাই।”
এই বহুমাত্রিক প্রশিক্ষণে অংশ নেওয়া নিটারের ৮ শিক্ষার্থী হলেন—সিফার হায়দার শিবিব, আব্দুল কায়ুম খন্দকার, জহিরুল ইসলাম প্রান্ত, খালিদ সাইফুল্লাহ ইফাফ, কাজি আব্দুল বাকি নাভীন, অমিত সরকার, আরিফুল ইসলাম এবং নাইমুর রহমান অপু।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা জানান, চীন থেকে শেখা অটোমেশন, দক্ষ উৎপাদন কৌশল ও প্রযুক্তির সঠিক ব্যবহার ভবিষ্যতে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে প্রয়োগের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক মানের এই শিক্ষা ও পেশাগত দক্ষতা আগামী দিনে দেশের টেক্সটাইল শিল্পে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

Link copied!