প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ১২৩তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চূড়ান্ত রায়ের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষক এবং ৮ জন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১১ জনকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রী হলের নামকরণ ‘বেগম খালেদা জিয়া হল’ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এছাড়া যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ রশীদুল ইসলামকে অধ্যাপক পদ থেকে সহযোগী অধ্যাপক, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক পদ থেকে সহকারী অধ্যাপক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শামীম হোসেনকে সহকারী অধ্যাপক পদ থেকে প্রভাষক পদে অবনমনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
