শুক্রবার ০২, অক্টোবর ২০২৬

শুক্রবার ০২, অক্টোবর ২০২৬ -- : -- --

জাবিতে নতুন প্রক্টর ড. আবদুল হালিম, অব্যাহতি পেলেন জাকির হোসেন

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম

ছবি| ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হালিম। অন্যদিকে, ব্যক্তিগত আবেদনের পরিপ্রেক্ষিতে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের আবেদনের ভিত্তিতে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই আদেশে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হালিমকে ১ অক্টোবর অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্বসংক্রান্ত সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, স্মারক নম্বর রেজিস্টার/টিচিং/২৬২৮(১০০)-এর আওতায় বিদায়ী ও নবনিযুক্ত উভয় প্রক্টরকে যথাসময়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Link copied!