প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’-এর আগামী এক বছরের জন্য নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সোহানুর রহমান সানিকে সভাপতি এবং মোকাদ্দেসুর রহমান লিমনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ২০২৫-২৬ সেশনের জন্য এ আংশিক কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আসমা-উল-হোসনা এবং সহকারী রেজিস্ট্রার মো. খসরু আলম।
অনুমোদিত নতুন কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে শাহরিয়ার আরিফ রাকিব, সাংগঠনিক সম্পাদক হিসেবে নকিবুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে লিহাত হাসান দায়িত্ব পেয়েছেন।
দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি সোহানুর রহমান সানি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের অধিকার রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে আমাদের এই পরিষদ সবসময় কাজ করবে। শিক্ষার্থীবান্ধব নানা কার্যক্রমের মাধ্যমে আমরা এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেসুর রহমান লিমন বলেন, “আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর। শেরপুরের প্রতিটি শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ করে তাদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে আমরা একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব উপহার দিতে চাই।”
উল্লেখ্য, বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন এবং প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টাদের স্বাক্ষরের মাধ্যমে নতুন কমিটিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।
