শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাহির মুসান্না
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম
বুধবার ৩০, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ফাইল ফটো
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষক। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. হাবিবুল আহসান এবং বাংলা বিভাগের প্রয়াত অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।
শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে সম্মাননার জন্য নির্বাচিত গুণী শিক্ষকদের তালিকায় প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শ্রেণিতে তাঁদের নাম রয়েছে। এবার সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে বিশ জন শিক্ষককে এ জাতীয় সম্মাননা দেওয়া হচ্ছে। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের পনেরো জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষক রয়েছেন।
অধ্যাপক ড. মো. হাবিবুল আহসান শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। অন্যদিকে বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিমকে মরণোত্তর সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।
জাতি গঠনে শিক্ষকদের অবদান ও ভূমিকার স্বীকৃতি এবং শিক্ষক সমাজের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়।
এবারের বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার পরিধি বাড়িয়েছে সরকার। দীর্ঘদিন ধরে যেখানে ১২ জন শিক্ষককে জাতীয় পর্যায়ে এ সম্মাননা দেওয়া হতো, এবার তা বাড়িয়ে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ের মোট ১০০ জন শিক্ষককে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে। জাতীয় স্টিয়ারিং কমিটির ব্রিফিংয়ে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে শাবিপ্রবির দুই শিক্ষকের জাতীয় পর্যায়ে এ সম্মাননার জন্য নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।