প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘টেকসই নগর পরিকল্পনায় তারুণ্যের ভাবনা’ শীর্ষক জাতীয় প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শেখ রাহাত সিদ্দিকী ও নাজমুস সাজিদ। এই অসামান্য অর্জনে বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিযোগিতায় বিজয়ী দলটি ‘AI & Spatial Data-Driven Predictive Maintenance Framework for Urban Drainage’ শীর্ষক একটি যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প উপস্থাপন করে বিচারকদের উচ্চ প্রশংসা কুড়ায়।
এক অভিনন্দন বার্তায় জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, “টেকসই নগর পরিকল্পনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের প্রথম বর্ষের দুই শিক্ষার্থীর চ্যাম্পিয়ন হওয়া জাবি পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের।"
উপাচার্য আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, “তরুণ শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর এই নতুন ভাবনা আগামী দিনে দেশের পরিকল্পিত ও টেকসই নগরায়ণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
বিজ্ঞপ্তিতে উপাচার্য বিজয়ী শিক্ষার্থী, তাঁদের শিক্ষকমণ্ডলী এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
