ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
বুধবার ৩০, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
জালিস মাহমুদ এবং শাহাদাত হোসেন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি অ্যাসোসিয়েশন (জে-জিইবিএ) ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জালিস মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ শাহাদাত হোসেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের নিজস্ব কক্ষে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় ভোট গণনা শেষে ১০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম সম্পাদক মো. মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক শেখ নাহিদ হাসান, ইভেন্ট ও বহির্বিষয়ক সম্পর্ক সম্পাদক শিফা আহমেদ, জনসংযোগ ও মিডিয়া সম্পাদক ইয়াছিন আরাফাত এবং সাংস্কৃতিক সম্পাদক প্রত্যাশা সাহা প্রমা। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনা খাতুন, মুবিন গালিব ও সংঘ মিত্রা সিং।
নবনির্বাচিত সহসভাপতি জালিস মাহমুদ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি অ্যাসোসিয়েশন (জে-জিইবিএ)-এর সহসভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য আনন্দের পাশাপাশি একটি বড় দায়িত্বও। যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। শিক্ষার্থীদের একাডেমিক, গবেষণা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী-অ্যালামনাইদের মধ্যে কার্যকর যোগাযোগ এবং ক্যারিয়ারভিত্তিক সুযোগগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে একটি কার্যকর ও প্রাণবন্ত জে-জিইবিএ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের প্রত্যাশাগুলোকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়াই আমার লক্ষ্য।”
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এম. স্বরাজ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন বিভাগটির অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ড. এস. এম. খালেদুর রহমান এবং সহকারী অধ্যাপক সাইফুল্লাহ পিএইচডি।