শুক্রবার ০২, অক্টোবর ২০২৬

শুক্রবার ০২, অক্টোবর ২০২৬ -- : -- --

রাবিপ্রবিতে ম্যানেজমেন্টকে হারিয়ে ভলিবলে চ্যাম্পিয়ন ফিশারিজ

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম

ছবি| ক্যাম্পাস রিপোর্ট

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) আন্তঃবিভাগীয় ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে ম্যানেজমেন্ট বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি (এফএমআরটি) বিভাগ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় ফিশারিজ ও ম্যানেজমেন্ট বিভাগ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমে ওঠে। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে ফিশারিজ বিভাগ ২-০ সেটে ম্যানেজমেন্ট বিভাগকে পরাজিত করে শিরোপা জয় করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফখরুদ্দীন, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. মতিউর রহমান চৌধুরী, আইসিটি সেলের পরিচালক ড. তানজিম মাহমুদ এবং শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জি এম সেলিম আহমেদ।
অনুষ্ঠানে প্রো-ভিসি খেলায় অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করতে ভবিষ্যতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়রা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে, তিনি এমন সম্প্রীতির বাংলাদেশ দেখতে চান। সীমিত সম্পদের মধ্যেও বিশ্ববিদ্যালয়ে আরও বেশি আউটডোর কার্যক্রম আয়োজনের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
এ সময় খেলা সফলভাবে আয়োজন ও পরিচালনায় শারীরিক শিক্ষা বিভাগের জনাব কামালের পরিশ্রম, স্বেচ্ছাসেবকদের সহযোগিতা এবং উপস্থিত শিক্ষকদের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন উপাচার্য। পরিবার-পরিজন ছেড়ে শিক্ষকদের খেলায় সহযোগিতা করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতিই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পরিচয় বহন করে।
বক্তব্য শেষে বিজয়ী ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ এবং রানার্সআপ ম্যানেজমেন্ট বিভাগের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী জেমি রৌশান।
উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Link copied!