প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম
বাংলাদেশের তরুণ পাঠকদের কোরিয়ার আধুনিক সাহিত্য ও কবিতার সাথে পরিচিত করানোর লক্ষ্যে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরিয়ান লিটারারি ফেস্ট ঢাকা ২০২৬।
আগামী ২২ ডিসেম্বর এই কোরিয়ান লিট ফেস্ট এ অংশ নিয়ে পাঠকদের সাথে মতবিনিময় করবেন কোরীয় তরুণ কথাসাহিত্যিক ও জনপ্রিয় কবিরা। তাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সন বো-মি এবং কবি ও বহুমাত্রিক শিল্পী জং হিউন-উ। ঢাকার উত্তরায় সিমেক ফাউন্ডেশনের আয়োজনে এই লিট ফেস্ট এ বাংলাদেশি ও কোরীয় সাহিত্য সমালোচক, শিক্ষক ও গবেষকেরাও উপস্থিত থাকবেন।
বাংলাদেশের সাহিত্যপ্রেমিদের সাথে কোরীয় সাহিত্যের সংযোগ স্থাপনের মাধ্যমে সমকালীন এশীয় সাহিত্যচর্চার নতুন দ্বার উন্মোচনে এই লিট ফেস্ট আয়োজনে সহযোগিতা করবে লিটারেচার ট্রান্সলেশন ইনস্টিটিউট অব কোরিয়া (LTI Korea)। উৎসবের আয়োজক সিমেক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি তরুণ বিশেষত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এশীয় শিল্প-সাহিত্য-সংস্কৃতির সংযোগ স্থাপনে এই লিটারারি ফেস্ট বিশেষ ভূমিকা রাখবে। আর এই ফেস্ট এর বিশেষ দিক হচ্ছে, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা লেখকদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবে। এছাড়াও তাঁদের সৃষ্টিকর্মের বাংলা অনুবাদও সংগ্রহ করতে পারবে।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট কথাসাহিত্যিক সন বো-মি (Son Bo-mi)। ২০০৯ সালে সাহিত্যাঙ্গনে আত্মপ্রকাশ করা সন বো-মি বর্তমানে কিয়ং হি বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল লেখালেখি পড়ান। তাঁর লেখায় আবেগঘন বিষয়কে সংযত, শুষ্ক ও শান্ত ভাষায় তুলে ধরার বৈশিষ্ট্য লক্ষ করা যায়। সন বো-মির উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে Downpour, A Love of Scientist, Stroll, Lindy Hop for Them, Hot Air Balloon এবং Swell। তাঁর সাহিত্যকর্মে জটিল আখ্যান, আন্তঃসম্পর্কিত চরিত্র ও অসম্পূর্ণতার মধ্য দিয়ে মানবিক অনুভূতির গভীরতা ফুটে ওঠে।
উৎসবে আরও অংশ নেবেন কিয়ং হি বিশ্ববিদ্যালয়ের কোরিয়ান ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক, ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন এবং কে-কালচার অ্যান্ড স্টোরি কনটেন্টস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আন সুং-বুম (Ahn Soongbeum)। তিনি চলচ্চিত্র সমালোচক ও কবি হিসেবেও পরিচিত। কোরিয়ান ওয়েভ, সাংস্কৃতিক কনটেন্ট ও গল্প বলার শিল্প নিয়ে তাঁর দীর্ঘদিনের গবেষণা রয়েছে।
এ ছাড়া উৎসবে কবি ও বহুমাত্রিক শিল্পী জং হিউন-উ (Jung Hyun-woo) অংশ নেবেন। কবিতার পাশাপাশি তিনি গায়ক, গীতিকার, বেতার গল্পকার ও লেখক হিসেবেও কাজ করছেন। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে I Learned to Speak from Angels, Black Miracle, Perishing Night এবং We Love Without Promises। জং হিউন-উর কবিতায় শোক, স্মৃতি, ভালোবাসা ও বেঁচে থাকার অভিজ্ঞতা বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর সাহিত্যিক কাজের পাশাপাশি সংগীত ও শ্রুতিনির্ভর গল্প বলার চর্চাও তাঁকে সমকালীন কোরিয়ান শিল্পাঙ্গনে স্বতন্ত্র পরিচিতি দিয়েছে।
উৎসবে আরও অংশ নেবেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কনভেনর ডক্টর সিওন চি (Dr. Seowon Chi) সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য, সংস্কৃতি ও গণযোগাযোগের শিক্ষকেরা।
উত্তরা ১৬ নম্বর সেক্টরে সিমেক ফাউন্ডেশনের ইন্সটিটিউট ভবন-২ এ দিনব্যাপী আয়োজনে অংশ নিতে যোগাযোগ করা যাবে এই ঠিকানায়: ই-মেইলঃ research@simecfoundation.org; ফোনঃ +8801620-769285
