প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম
ক্যান্সারের চিকিৎসা চললেও অভিনয়ে ফিরছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। তবে আপাতত দীর্ঘমেয়াদি কোনো ধারাবাহিকে নয়, স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাঁকে।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন দীপিকা। চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া ও শারীরিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত শুটিং করা তাঁর পক্ষে এখন কঠিন। তাই আপাতত একদিনের স্বল্প পরিসরের কাজ বেছে নিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করে দীপিকা বলেন, ‘দেখুন, আমার বর্তমান যা শারীরিক অবস্থা, তাতে মনে হয় না কোনো মেগা ধারাবাহিকে সুযোগ পাব। আর স্বাভাবিকভাবে চিন্তা করলে, এই জটিল চিকিৎসা চলাকালে কেউ কেনই বা আমাকে কাজের ঝুঁকি নেবেন? এটি তো খুবই স্বাভাবিক একটি বিষয়।’
স্বামীর নতুন মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিচ্ছেন দীপিকা। তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে একদিনের মধ্যেই শুটিং শেষ করার পরিকল্পনা করা হয়েছে।
গানটির জন্য তাঁকে রিহার্সালেও অংশ নিতে হচ্ছে। এতে সামান্য নাচের দৃশ্য রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। দীপিকার কথায়, ‘আমি শোয়েবকে আগেই বলেছিলাম, সকালে সবকিছু গুছিয়ে পরিকল্পনা করা সম্ভব। এ কারণে আজ আমাকে রিহার্সালেও যেতে হচ্ছে। গানটিতে সামান্য নাচের দৃশ্য রয়েছে, সেগুলো হয়তো করতে হবে।’
দীপিকা জানিয়েছেন, চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত কোনো দৈনিক ধারাবাহিকে কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে চিকিৎসকের অনুমতি ও শারীরিক সক্ষমতা অনুযায়ী ছোট পরিসরের কাজে ধীরে ধীরে যুক্ত হতে চান তিনি।
চিকিৎসার কঠিন সময়েও ক্যামেরার সামনে ফেরার সিদ্ধান্তকে দীপিকার ভক্তরা ইতিবাচকভাবে দেখছেন। দীর্ঘ শুটিংয়ের চাপ এড়িয়ে একদিনের কাজ দিয়ে তাঁর এই প্রত্যাবর্তনকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিমও বিভিন্ন সময় তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে ভক্তদের সঙ্গে কথা বলেছেন। বর্তমানে দীপিকার মনোযোগ সুস্থ হয়ে ওঠার পাশাপাশি সীমিত পরিসরে নিজের পেশাগত কাজ চালিয়ে যাওয়ার দিকে।
