মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬ -- : -- --

নজরুলের সংগ্রামী চেতনা ধারণের আহ্বান জাককানইবি উপাচার্যের

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন

‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রতিকূল পরিবেশের মধ্যেও কখনো সংগ্রাম থামাননি। তিনি নিরীহ, নিপীড়িত, নিগৃহীত ও সুবিধাবঞ্চিত মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি আসলে সংগ্রামের মহাপুরুষ।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের চতুর্থ তলায় সংগীত বিভাগের ‘সন্ধ্যামালতী’ মিলনায়তনে সরকার ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘নজরুল একাধারে কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, সৈনিক, গীতিকার, শিল্পী ও সাংবাদিক। তবে তার অন্যতম গুণ হলো সংগ্রামী সত্তা। তিনি প্রতিকূল পরিবেশে বেড়ে উঠেছেন, কিন্তু কখনো সংগ্রাম থেকে পিছিয়ে যাননি। সংগ্রামের মধ্য দিয়েই তিনি জয়লাভ করেছেন। আমরাও যদি তাঁর মতো সংগ্রাম করতে পারি, তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারব।’

তিনি আরও বলেন, ‘নজরুল সারা জীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। অথচ তাঁকেই জীবনের বিভিন্ন সময়ে নিগৃহীত, বঞ্চিত ও তিরস্কৃত হতে হয়েছে। জীবনের শেষ পর্যায়ে তাঁকে নির্বাক সময় কাটাতে হয়েছে। তা না হলে তিনি আমাদের আরও অনেক কিছু দিতে পারতেন। তবে তিনি যা দিয়ে গেছেন, তা-ই যথেষ্ট।’

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, নজরুলের চেতনা ধারণ করে তার সাহিত্য ও সৃষ্টিকর্মের চর্চা অব্যাহত রাখতে হবে। যারা নজরুলকে যথাযথভাবে ধারণ করতে পারবেন, তাঁদের জীবনে সফলতা আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। ‘নজরুলের সৃষ্টিতে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন ও নজরুল গবেষক অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। শুভেচ্ছা বক্তব্য দেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও নজরুল গবেষক অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম (রাশেদ আনাম)।

সেমিনার শেষে কবি নজরুলের মৃত্যুবার্ষিকী, ঈদে মিলাদুন্নবী ও নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপাচার্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Link copied!