মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬ -- : -- --

ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ৭ শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্পিতা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ৭ শিক্ষার্থী, সম্মাননা আরও ৩৩ জনকে

মেধা ও কৃতিত্বপূর্ণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলের সাতটি ডিসিপ্লিনের সাত শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ২০২৫ সালের একাডেমিক ফলাফলের ভিত্তিতে তারা এ সম্মাননা পেয়েছেন। এছাড়া প্রথমবারের মতো মাস্টার্স ও স্নাতক প্রোগ্রামের বিভিন্ন বর্ষে ভালো ফলাফলের জন্য ৩৩ শিক্ষার্থীকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শাহ মাইমুন নাসির (স্টুডেন্ট আইডি: ২১০৮০৫), ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মেহেরুন নেসা পুষ্পিতা (স্টুডেন্ট আইডি: ২১০৬১৯), ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সাদিয়া হাকিম ফাল্গুনী (স্টুডেন্ট আইডি: ২১০৫১০), ফার্মেসি ডিসিপ্লিনের নাইমুর রহমান মুন্না (স্টুডেন্ট আইডি: ২১১১১৩), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. ইমাম হাসান নাইম (স্টুডেন্ট আইডি: ২১০৭১৯), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের মিম খাতুন (স্টুডেন্ট আইডি: ২১১০০৬) এবং সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের জান্নাতি চৌধুরী (স্টুডেন্ট আইডি: ২১১৩০৭)।

১০ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিন’স অ্যাওয়ার্ডের মতো অর্জন সারাজীবনের জন্য অন্যতম প্রাপ্তি। এ ধরনের স্বীকৃতি জীবনের বিভিন্ন পর্যায়ে কার্যকর ভূমিকা রাখে। স্নাতক-পরবর্তী সময়ে এসব স্বীকৃতি বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনে সহায়ক হয়। একাডেমিক স্বীকৃতির পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সরকারের বিভিন্ন উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবন তুলে ধরে দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান বলেন, জীববিজ্ঞানে পড়াশোনা ও গবেষণা-দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সঙ্গে জীববিজ্ঞান সম্পৃক্ত। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে এসব ক্ষেত্রে অবদান রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, গবেষণায় নিজেকে শাণিত করতে পারলে সারা বিশ্বে কাজের সুযোগ তৈরি হয়। ডিন’স অ্যাওয়ার্ডের পাশাপাশি প্রথমবারের মতো একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী বলেন, কৃতী শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ডপ্রাপ্তি আনন্দ ও গর্বের বিষয়। একটি অর্জন অন্য আরেকটি অর্জনে উৎসাহ জোগায়। শিক্ষাজীবনের এ স্বীকৃতি কর্মজীবনেও অনুপ্রেরণা দেবে। অন্যদের থেকে আলাদা হওয়ার পাশাপাশি অনুকরণীয় হয়ে ওঠার আহ্বান জানান তিনি।

জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নবীউল ইসলাম খান। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শাহ মাইমুন নাসির, ফার্মেসি ডিসিপ্লিনের মো. মোহাইমিনুল ইসলাম এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের আমিনা আক্তার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা এবং ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রভাষক নওরিন আহসান হাবিব।

এ সময় বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট ডিসিপ্লিনগুলোর প্রধান, শিক্ষক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Link copied!