মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ছাত্রশক্তি সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় হামলায় অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ হামলা কারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের চৌমুহনা চত্বরে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভকারীরা ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রায় ১ ঘণ্টার এ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই যোদ্ধারা অংশ নেন। এ সময় তারা হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলামের ওপর দা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তার হাতে আঘাত লাগে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালাগাল করছেন। একপর্যায়ে তিনি হাসিবের ওপর চড়াও হন। পরিস্থিতি বেগতিক দেখে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান।
রিসোর্টের এক কর্মচারী জানান, হামলার পর হাসিব রিসোর্টে ফিরে এলে তার হাতে আঘাত দেখতে পান তারা। পরে রিসোর্ট কর্তৃপক্ষ ব্যান্ডেজ দিয়ে রক্তপাত বন্ধের ব্যবস্থা করে।
এদিকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ।
তিনি বলেন, ‘হাসিব আল ইসলাম স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন। ফেরার পথে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনাটি ভিডিও ধারণ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রীতম দাশ আরও বলেন, পর্যটননগরী শ্রীমঙ্গলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ হামলায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে পুলিশের পক্ষ থেকে এখনো হামলাকারীর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে বিক্ষোভকারীদের দাবি, ভিডিও ফুটেজ দেখেই হামলাকারীকে শনাক্ত করা সম্ভব। দ্রুত গ্রেপ্তার না হলে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।