যবিপ্রবি থেকে মোঃ মাহিদুল হাসান নাইম
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬ -- : -- --
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা, আন্তবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। শোভাযাত্রাটি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘বিশ্বের অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় হিসাববিজ্ঞান এবং এ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ব্যবসায় শিক্ষা অনুষদের স্নাতকদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার এবং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা রাখতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে বৃহত্তর অ্যালামনাই নেটওয়ার্কের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের পথচলাকে আরও সুগম করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ‘জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী সময়ে মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত আত্মকেন্দ্রিক না হয়ে নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন এবং সেবা নিশ্চিত করা। শিক্ষার্থীরা পেশাগত জীবনে যত উচ্চ অবস্থানেই পৌঁছান না কেন, পরিশেষে শূন্য হাতেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই মানুষের প্রকৃত অর্জন হলো মৃত্যুর পরও মানুষের স্মরণে বেঁচে থাকা।’
তিনি আরও বলেন, শিক্ষকদের উচিত আজীবন শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার মানসিকতা রাখা এবং শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত হওয়া।
এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন ও ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক তরুণ সেন ও মো. শাহাজুল ইসলাম, প্রভাষক ফজলুর রহমানসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে সন্ধ্যায় এআইএস বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী অলিফ আহমেদ ও ফয়সাল ইকবাল।