মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬ -- : -- --

রাকসুর নতুন তফসিল চায় রাবি ছাত্রশিবির

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

রাকসুর তফসিল ঘোষণা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন রাবি ছাত্রশিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন তফসিল দ্রুত ঘোষণা এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির। একই সঙ্গে নির্বাচন আয়োজনের উদ্যোগ না নিয়ে তা বানচালের চেষ্টা করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে শাখা ছাত্রশিবির আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশা পূরণের যে সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সিনেট কার্যকর করা প্রয়োজন।

মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাকসুর নতুন তফসিল ঘোষণার দাবিতে আমরা প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। তখন যথাসময়ে তফসিল ঘোষণা করা না হলে মাঠপর্যায়ে কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আজ আমরা মানববন্ধন করছি।’

তিনি আরও বলেন, ‘এরপরও যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের শুভবুদ্ধির উদয় না হয়, তফসিল ঘোষণার উদ্যোগ না নেয় এবং নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব বলেন, ‘ভর্তি পরীক্ষার সঙ্গে রাকসুর তফসিল ঘোষণার বিষয়টি কীভাবে সম্পর্কিত, তা আমাদের বোধগম্য নয়। গত এক বছরে রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের যেসব অধিকার নিশ্চিত হয়েছে, বিগত ৩৫ বছরে তা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পর রাকসু সচল হওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যে জড়তা কেটেছে, তা কোনো প্রশাসন বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে-এমনটা কেউ যেন স্বপ্নেও না ভাবে।’

শহীদ হবিবুর রহমান হল সংসদের সাবেক ভিপি আহসানউল্লাহ ফারহান বলেন, ‘নির্বাচনে ২৮০টি পদে হেরেছেন বলেই যে ভবিষ্যতে আর জেতা যাবে না, বিষয়টি এমন নয়। চেষ্টা করলে আগামীতে অন্যান্য দলও কিছু পদে জয়ী হতে পারে। কিন্তু তা না করে চক্রান্তের মাধ্যমে রাকসু বন্ধের চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নেবে না।’

Link copied!