গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬ -- : -- --
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মূল ফটকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ‘সর্বাত্মক ছাত্র ধর্মঘট’ কর্মসূচির ব্যানার টানানো
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মূল ফটকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ‘সর্বাত্মক ছাত্র ধর্মঘট’ কর্মসূচির ব্যানার টানানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তাঁরা।
জানা যায়, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্রলীগের একটি ব্যানার দেখতে পান শিক্ষার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তাঁরা ব্যানারটি অপসারণ করেন। এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) এজিএস সামিউল হাসানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা প্রতিবাদ কর্মসূচির নামে দেশের বিভিন্ন স্থানে ও যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। এরই অংশ হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়াতে ব্যানারটি টানানো হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছেন এবং ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছেন।’
গকসুর এজিএস সামিউল হাসান বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন ছাত্রলীগ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নামে একটি ব্যানার টানানো হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে অবস্থান নেব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ তাঁদের সহযোগিতা করার চেষ্টা করলেও আমরা তার প্রতিবাদ ও প্রতিরোধ করব।’
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই গণ বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস হিসেবে পরিচিত। তবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ব্যানারটি কারা টানিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।