মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬ -- : -- --

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে উপেক্ষিত জবির  ত্যাগী ও পরীক্ষিত নেতা, তৃণমূলে ক্ষোভ

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজপথের ত্যাগী, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং কারানির্যাতিত নেতাদের অবমূল্যায়ন করে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ কর্মীদের। বিশেষ করে, জগন্নাথ  বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লালবাগের সাবেক কমিশনার রফিকুল ইসলাম রাসেল নবগঠিত কমিটিতে স্থান না পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ছড়িয়ে পড়েছে।

​গত ৮ নভেম্বর ২০২৬ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক হিসেবে আ ন ম সাইফুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে তানভীর আহমেদ রবিন দায়িত্ব পেয়েছেন। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ দলীয় অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

​দলীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রাসেল ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এক লড়াকু সৈনিক। বিগত আওয়ামী দুঃশাসনের সময় ২০১৫ সালে লালবাগ এলাকার জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকা এই নেতা স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় মোট ছয়বার কারাবরণ করেন এবং তাকে পাঁচ বছর নয় মাসের কারাদণ্ড ভোগ করতে হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ চার বছরের নিয়মিত আদালত হাজিরার দিনগুলোতে তিনি রাজপথে বিশ্বস্ত প্রহরীর মতো দায়িত্ব পালন করেছেন। জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন ও একজন আদর্শিক জাতীয়তাবাদী সৈনিক হিসেবে দলের মাঠপর্যায়ে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

​নেতাকর্মীদের দাবি, নেতৃত্বের সব ধরনের গুণাবলি ও বিশাল ত্যাগের ইতিহাস থাকা সত্ত্বেও তাকে কেন আহ্বায়ক কমিটি থেকে বাদ দেওয়া হলো—তা কোনোভাবেই বোধগম্য নয়। দলে কার বা কাদের স্বার্থে এমন পরীক্ষিত ও জনপ্রিয় নেতাকে বঞ্চিত করা হচ্ছে, তা নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

​এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এহসান হক মিলন ক্ষোভ প্রকাশ করে বলেন, "রফিকুল ইসলাম রাসেল ভাইয়ের দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলনের যথাযথ মূল্যায়ন করা হয়নি। কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে, তবে যারা দলের চরম দুর্দিনে রাজপথে হাল ধরেছিলেন, তাদের উপেক্ষা করা দলের জন্য কোনোভাবেই ভালো ফল বয়ে আনবে না। তাছাড়া দলের নেতৃত্বে তরুণদের প্রাধান্য দেওয়া হলে সংগঠন আরও বেশি চাঙ্গা ও গতিশীল হতো।" তিনি আরও যোগ করেন, "আল্লাহ হয়তো ভাইয়ের জন্য ভবিষ্যতে আরও ভালো কিছু রেখেছেন, আমরা আল্লাহর ওপরই ভরসা রাখছি।"

​এদিকে নতুন কমিটিতে পদবঞ্চিত হওয়া সত্ত্বেও দলের প্রতি নিজের অবিচল আনুগত্যের কথা জানিয়েছেন রফিকুল ইসলাম রাসেল। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, "দলের সব সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। দেশ ও দলের প্রয়োজনে দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি তার প্রতি শতভাগ শ্রদ্ধাশীল ও একমত। দেশ ও দলের স্বার্থে রাজপথে ঝাঁপিয়ে পড়তে আমি কখনো পিছপা হব না।"

​তিনি আরও বলেন, "দীর্ঘদিনের রাজপথের অনেক সহযোদ্ধা হয়তো আমাকে কমিটিতে না দেখে কষ্ট পেয়েছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই—দেশ ও দলের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে দল সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমাদের সবার দায়িত্ব হলো ঐক্যবদ্ধভাবে দলকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করা।"

Link copied!