মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬ -- : -- --

টাইব্রেকারে জয়, এরপরই স্লেজিং নিয়ে হাবিপ্রবিতে মারামারি

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ শেষে স্লেজিংকে কেন্দ্র করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষি অনুষদ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-১-এ এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে কৃষি অনুষদ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের মধ্যকার খেলাটি টাইব্রেকারে গড়ায়। এতে জয়লাভ করে কৃষি অনুষদ। খেলা চলাকালে দুই অনুষদের শিক্ষার্থীরা একে অপরকে স্লেজিং করতে থাকেন। একপর্যায়ে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের কয়েকজন শিক্ষার্থী মাঠের নেটের পেছন থেকে কৃষি অনুষদের গোলরক্ষককে উদ্দেশ্য করে স্লেজিং করেন।

খেলায় জয়ের পর এ ঘটনাকে কেন্দ্র করে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের ওপর ক্ষুব্ধ হন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় কৃষি অনুষদের এক শিক্ষার্থীর বিরুদ্ধে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ ওঠে। একই অনুষদের আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে বেল্ট খুলে সংঘর্ষে জড়ানোর অভিযোগও রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম বলেন, ‘আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট শেষে স্লেজিংকে কেন্দ্র করে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতিমধ্যে এ বিষয়ে আলোচনা করেছি। সবকিছু পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!