মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন নাম চান ট্রাম্প, ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

সংগৃহীত

 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’-এর প্রচলিত নাম বদলে নতুন নাম দেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ‘এআই ফোর্স’ নামে নতুন একটি ব্যবস্থা গঠন এবং একজন ‘এআই জার’ নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

 

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাধিক পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামটি প্রযুক্তিটির জন্য যথাযথ ও মার্জিত নয় বলে অনেকে মনে করেন।

 

নতুন নাম বাছাইয়ের জন্য অনুসারীদের মতামত জানতে একটি অনলাইন ভোটের আয়োজন করেন তিনি। ভোটে তিনটি বিকল্প রাখা হয়—সুপিরিয়র ইন্টেলিজেন্স, এক্সট্রিম ইন্টেলিজেন্স এবং সুপ্রিম ইন্টেলিজেন্স। প্রতিবেদন প্রকাশের সময় ভোট চলছিল।

 

এর কয়েক ঘণ্টা পর আরেক পোস্টে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যকেন্দ্র নির্মাণের সমালোচকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, এআই শিল্পকে দুর্বল বা ধ্বংস করার চেষ্টা চলছে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।

 

ট্রাম্প বলেন, তিনি এআই শিল্পকে সহায়তা করবেন এবং প্রযুক্তিটির বিকাশের ওপর নজর রাখবেন। এ লক্ষ্যে তাঁর প্রথম মেয়াদে গঠিত ‘স্পেস ফোর্স’-এর আদলে ‘এআই ফোর্স’ গঠন করা হবে বলে জানান তিনি।

 

তবে নতুন ব্যবস্থাটির সাংগঠনিক কাঠামো, ক্ষমতা ও নির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

ট্রাম্প আরও জানান, শিগগিরই একজন ‘এআই জার’ নিয়োগ করা হবে। নতুন পদটির দায়িত্ব কী হবে, তা স্পষ্ট করেননি তিনি। তবে পোস্টে তিনি উল্লেখ করেন, এই দায়িত্বের জন্য উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যক্তিদেরই বিবেচনা করা হবে।

 

এর আগে ডেভিড স্যাকস ট্রাম্প প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টো বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। চলতি বছরের শুরুতে তিনি ওই পদ ছাড়েন এবং প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পরিষদের সহসভাপতি হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

ট্রাম্প আগে এআই ব্যবস্থায় কিছু নিয়ন্ত্রণ ও নিরাপত্তাবিধির প্রয়োজনীয়তার বিষয়ে আগ্রহ দেখালেও প্রযুক্তিটির বিরুদ্ধে ওঠা উদ্বেগের কিছু অংশকে প্রশ্ন করেছেন। ডেমোক্র্যাটদের সমালোচনাকে তিনি ‘হোক্স’ বা ভিত্তিহীন প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

 

তবে এআই শিল্পের নিরাপত্তা, তথ্যকেন্দ্র নির্মাণ, জ্বালানি ব্যবহার ও পরিবেশগত প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের মধ্যেই সমালোচনা রয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যও বড় তথ্যকেন্দ্র নির্মাণের নতুন অনুমোদন সাময়িকভাবে বন্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে ট্রাম্পের প্রস্তাবিত নতুন নামগুলোর মধ্যে কোনটি শেষ পর্যন্ত জনপ্রিয় হয়, কিংবা আদৌ নাম পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে কি না তা এখনো স্পষ্ট নয়।

Link copied!