প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ঝোপের ভেতর থেকে দুটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে বুধবার রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারগান দুটির সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য পায় র্যাবের অভিযানিক দল। পরে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাথরখোলা গ্রামের ভানুগাছ চৌমুহনা এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে পেচারিপুল বাঁধের দক্ষিণ দিকে সড়কের পূর্ব পাশে থাকা একটি ঝোপের ভেতর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় এয়ারগান দুটি উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং এ বিষয়ে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় এ পর্যন্ত দেশি-বিদেশি ৫১টি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, ৪টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রলবোমা, ১১টি ককটেলসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি এবং ১৫৯টি এয়ারগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯।
