প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাড়ির আঙিনা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় কদর আলী মেম্বারের বাড়ির আঙিনায় অজগরটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করেন। পরে আব্দুল মজিদ নামের এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় উদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন চাউতলি বিট কর্মকর্তা সুব্রত সরকার। সবার সহযোগিতায় অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানিয়েছে, সাপটি সুস্থ থাকলে পরে লাউয়াছড়া জাতীয় উদ্যান বা উপযুক্ত বনে অবমুক্ত করা হবে।
