শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ঢাবিতে জমকালো আয়োজনে শেষ হলো ৮ম কুইজ ফেস্ট

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট অ্যান্ড ফ্রেশার্স রিসেপশন’ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস)।

ডিইউকিউএস-এর সভাপতি রোদাবা জামান আদৃতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান। এছাড়া সংগঠনটির কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জন্য ইন্টার-ডিপার্টমেন্ট, ইন্টার-হল, ইন্টার-ক্লাব, সোলো কুইজ ও নোভিস কুইজ-এই পাঁচটি সেগমেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে নোভিস কুইজে শুধুমাত্র নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়।

‘ইন্টার-ডিপার্টমেন্ট’ সেগমেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদ থেকে ৭৯টি দল অংশ নেয়। বিভিন্ন জোনভিত্তিক প্রতিযোগিতা শেষে নির্বাচিত দলগুলো নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ইন্টার-হল ও সোলো কুইজসহ কয়েকটি সেগমেন্ট মেগা ফরম্যাটে দুই রাউন্ডে আয়োজন করা হয়। অন্যদিকে ইন্টার-ক্লাব সেগমেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার বিভিন্ন পর্ব পরিচালনা করেন কুইজমাস্টার মো. সিয়াম লাবিব, মো. রিফাত হোসেন, মোহাম্মদ আরিফ, হিমেল হাসান আকাশ, মো. আবির হোসেন, ফাতেহি নূর লিজা, সাব্বির হোসেন কাব্য, মেহের নিগার নাঈমা বিনতে আব্দুল্লাহ এবং শাহ মো. ইয়াসিন জাবেদ।

সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দেশ ও জনকল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

Link copied!