শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ওজোন দিবসে রাবিতে গ্রীন ভয়েসের র‍্যালি ও মানববন্ধন

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বিশ্ব ওজোন দিবস উপলক্ষে ওজোন স্তর সুরক্ষা ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যালি ও মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে গ্রীন ভয়েস রাবি শাখার উপদেষ্টা ড. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। তিনি ওজোন স্তরের ক্ষয় রোধ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দেন।

কর্মসূচিতে গ্রীন ভয়েস রাবি শাখার সভাপতি মো. আরিফ মিয়া বলেন, ‘বায়ুমণ্ডলের সুউচ্চ স্তরে ছড়িয়ে থাকা ওজোন স্তর পৃথিবীর প্রাকৃতিক সানস্ক্রিন। সূর্য থেকে আসা প্রাণঘাতী অতিবেগুনি বিকিরণ বা ইউভি রশ্মি ছেঁকে আটকে দেয় বলেই পৃথিবীতে প্রাণ ও প্রকৃতির বিকাশ সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনিয়ন্ত্রিত শিল্পায়ন, ফ্রিজ-এসি ও অ্যারোসোলে সিএফসি (CFC) ও হ্যালন গ্যাসের ব্যাপক ব্যবহার বায়ুমণ্ডলের ওজোন স্তরে ক্ষত তৈরি করেছে। ক্ষতিকর ইউভি বিকিরণের কারণে ত্বকের ক্যানসার, চোখে ছানি পড়া এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

মো. আরিফ মিয়া বলেন, ‘মন্ট্রিল প্রোটোকল প্রমাণ করেছে, বিশ্ব সম্প্রদায় এক হলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। তরুণেরা সচেতন হলে, প্লাস্টিক পোড়ানো বন্ধ, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার ও ব্যাপক বৃক্ষরোপণ নিশ্চিত করলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুরক্ষিত আকাশ পাবে।’

কর্মসূচিতে গ্রীন ভয়েস রাবি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেদ উজ জামান, যুগ্ম সম্পাদক রিয়া জামান, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ অপু মন্ডল, সহ-কোষাধ্যক্ষ শাহানাজ আশরাফি, সাংস্কৃতিক সম্পাদক রয়েল হ্যারিসন ও দীপক সেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইপ্তি খাতুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Link copied!