মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পিএম
বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
বুধবার বিকেলে উপজেলার ৩ নম্বর পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অনন্য দাস (৮) এবং রাজনগর উপজেলার বরইউরি গ্রামের নারায়ণ দাসের ছেলে দুর্জয় দাস (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্জয় তার মামার বাড়ি আমতৈল গ্রামে বেড়াতে এসেছিল। বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে দুই ভাই খেলতে খেলতে বাড়ির পাশের একটি ডোবায় নেমে পড়ে।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি ডোবার পাশে ঘাস কাটতে গিয়ে পানিতে শিশু দুটিকে ভাসতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর একসাথে মৃত্যুতে আমতৈল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজন হোসেন তৌফিক মৌলভীবাজার