প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘রিডিউস প্লাস্টিক গো গ্রিন' প্রতিপাদ্যে কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে ৫ টি বোতল এর বিনিময়ে একটি করে চারাগাছ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৪ তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বৃক্ষ রোপণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
কার্যক্রমে অংশগ্রহণকারী ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন বলেন, 'বর্তমান পরিস্থিতির ভিত্তিতে রিডিউস প্লাস্টিক গ্রো গ্রিন উদ্যোগটা খুবই প্রশংসনীয়। এর মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের জন্ম হবে। আমরা চাই এমন কর্মসূচি আরও হোক।'
আয়োজকদের পক্ষে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মারুফা ইসলাম জানান, 'আমাদের ইংরেজি বিভাগের উদ্যোগে রিডিউস প্লাস্টিক গ্রো গ্রিন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ উপহার দেওয়া। ৫ টি প্লাস্টিকের বিনিময়ে একটি চারাগাছ দিচ্ছি আমরা এর ফলে আমাদের আশেপাশের পরিবেশ প্লাস্টিকমুক্ত হয়ে যাবে আর বেশি বেশি গাছ লাগালে তা আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। আমরা ভাবিনি এত শিক্ষার্থী সমাগম হবে। এত শিক্ষার্থীর সমাগম দেখা অনেক আনন্দের বিষয়।'
আয়োজন সম্পর্কে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সিদ্দিকা বলেন, 'যেকোনো জিনিস অপচয় না করে তা পুনরায় ব্যাবহার করার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতে প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারি। ডা: জাফরুল্লাহ চৌধুরী এমন এক ব্যাক্তি ছিলেন যিনি কখনো কোনো কিছু অপচয় করতে না। এই কর্মসূচির মাধ্যমে ডা:জাফরুল্লাহ চৌধুরীর সাথে একাগ্রতা প্রকাশ করছি।'
সার্বিক বিষয়ে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস বলেন, 'বর্তমান বিশ্বে বিশেষ করে আগামী প্রজন্মের জন্য সবচেয়ে বড় সংকট হচ্ছে অক্সিজেনের সংকট। একদিকে অক্সিজেনের উৎসগুলো নানা প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে আধুনিক জীবনযাপনে কার্বন উৎপাদন বাড়ছে। তাই পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে।'
তিনি আরও বলেন, 'আমাদের বিভাগের অষ্টম সেমিস্টারের বিদায়ী শিক্ষার্থীরা উদ্ভাবনী কিছু করার চিন্তা থেকে এই কর্মসূচির উদ্যোগ নেয়। পাঁচটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি করে গাছ দেওয়ার ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা নিজেরাই ফান্ড তৈরি করে এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।'
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, 'রিডিউস প্লাস্টিক গ্রো গ্রিন' কর্মসূচিটা একটু ব্যাতিক্রমধর্মী কর্মসূচি। আমরা জানি যে আমাদের দেশের অবস্থা কি অনেক গরমে নাগরিকের অবস্থা বেহাল।একটা দেশের ২৫% বনাঞ্চল থাকা উচিত কিন্তু তার তুলনায় আমদের দেশে অনেক কম পরিমাণ বনাঞ্চল রেয়েছে। এই উদ্যোগ এর মাধ্যমে সবাই গাছ লাগাতে অনুপ্রাণিত হবে আশা করি।
প্রসঙ্গত, অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ বিতরণ করা হয়।
