শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

সুনীল অর্থনীতিতে বিএমইউ শিক্ষার্থীদের নেতৃত্বের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাহবুবুর রহমান

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

বাংলাদেশকে একটি উদীয়মান মেরিটাইম হাব হিসেবে গড়ে তুলতে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমিতে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ক্ষেত্রে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) শিক্ষার্থীরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বিএমইউর ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে বিএমইউর প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড, বিভিন্ন কার্যক্রম ও সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। বৈঠকে বিশেষ গুরুত্ব পায় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি এবং মেরিটাইম খাতে শিক্ষার্থীদের দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তোলার বিষয়টি।

এ সময় শিক্ষামন্ত্রী বিএমইউ শিক্ষার্থীদের পড়াশোনা, সার্বিক কল্যাণ এবং উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সুনীল অর্থনীতির বিকাশে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগাতে মেরিটাইম গবেষণার পরিধি আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে মেরিটাইম খাতে প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞানসম্পন্ন পেশাজীবী তৈরিতে বিএমইউর ভূমিকা আরও কার্যকর করার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও প্রতিনিধিদলের সদস্যরা বিএমইউর শিক্ষা, গবেষণা ও অন্যান্য কার্যক্রম নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে শিক্ষামন্ত্রী ও বিএমইউ প্রতিনিধিদলের এ সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে।

Link copied!