শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

জাবিতে নতুন সড়ক উন্নয়ন ও যাত্রী ছাউনির উদ্বোধন

জাবি থেকে ইমরুল কায়েস

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাম্পাসের রাস্তা উন্নয়ন কাজ এবং শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে প্রয়াত ছাত্রদল নেতা শহীদুল ইসলাম তুষারের নামে একটি যাত্রী ছাউনিরও উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “কোনো অবস্থাতেই হিংসা, সহিংসতা কিংবা অন্যায্যভাবে কারও ওপর আঘাত বা প্রাণহানিকে সমর্থন করা যায় না। বৈচিত্র্য ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে সম্প্রীতি ও সততা প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “যেকোনো পদ বা অবস্থানের চেয়ে ব্যক্তিগত নীতি-নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জাবি সিনেট সদস্য ও ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জাকসুর সাবেক ভিপি আশরাফ উদ্দিন খান, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু এবং জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মো. বাবর বক্তব্য দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিন।

Link copied!